চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন
- প্রকাশিত: ১২:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ২৯ বার পঠিত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ডান পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত জান্নাতুল বকেয়া (২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার বাসিন্দা এবং ইফতেখার মাহবুবের স্ত্রী।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জান্নাতুল বকেয়া কক্সবাজার থেকে বাসযোগে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হন। পথে পদুয়া নয়া পাড়া এলাকায় বাসটি থামলে তিনি ওয়াশরুম ব্যবহারের জন্য নিচে নামেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালির ওপরের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ছাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়েছে এবং তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।










