সঙ্গে থাকছে ক্যাশব্যাক অফার
বিকাশে মিলছে মেট্রোরেল কার্ড রিচার্জ সুবিধা
- প্রকাশিত: ০৯:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৬৮ বার পঠিত
এখন আর মেট্রোরেল কার্ড রিচার্জ করতে স্টেশন বা ব্যাংকের বুথে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ঘরে বসেই সহজে রিচার্জ করা যাচ্ছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ-এর মাধ্যমে। এতে যাত্রীদের ঝামেলা কমার পাশাপাশি মেট্রোরেলের কার্ড ব্যবস্থাপনাও আরও দ্রুত, স্বচ্ছ ও ব্যয়–সাশ্রয়ী হয়েছে।
বর্তমানে মেট্রোরেলে ব্যবহার করা দুই ধরনের কার্ড— র্যাপিড পাস ও এমআরটি পাস—উভয়টিই এখন বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করা যাবে। আরও ভালো খবর হলো, ৩১ ডিসেম্বর পর্যন্ত বিকাশে কার্ড রিচার্জ করলেই গ্রাহকরা পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। দিনপ্রতি একবার এবং পুরো অফার চলাকালীন সর্বোচ্চ দুইবারে মিলবে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। রিচার্জ করতে চাইলে বিকাশ অ্যাপের সাজেশন বক্স থেকে ‘মেট্রোরেল’ আইকন নির্বাচন করতে হবে, অথবা সরাসরি র্যাপিড পাসের ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে। র্যাপিড পাস ওয়েবসাইটে আগে নিবন্ধন না থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কার্ডের তথ্য যুক্ত করতে হবে।
এরপর রিচার্জ অপশন থেকে নির্দিষ্ট কার্ড নির্বাচন করে পেমেন্ট মেথড হিসেবে বিকাশ বেছে নিলেই রিচার্জ সম্পন্ন হবে। অনলাইনে রিচার্জ করার পর স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিন (AVM)-এ কার্ড ট্যাপ করে ব্যালেন্স সক্রিয় করতে হবে। রিচার্জ সফল হলে গ্রাহকের ফোনে এসএমএস পৌঁছে যাবে। প্রতিবার রিচার্জে ১০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত যোগ করা যাবে।
















