সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে কড়া সতর্কবার্তা ট্রাম্পে
- প্রকাশিত: ১১:১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৫৬ বার পঠিত
সিরিয়ার ভেতরকার পরিস্থিতিতে হস্তক্ষেপ এবং দেশটিকে অস্থিতিশীল করার কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এই বার্তা দেন। ট্রাম্প লিখেছেন— “সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সুদৃঢ় ও আন্তরিক সম্পর্ক বজায় রাখা জরুরি। একই সঙ্গে সিরিয়ার অগ্রগতি ও স্থিতিশীলতার পথে কোনো বাধা সৃষ্টি করা উচিত নয়।” এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত বছর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন ইসলামপন্থি নেতা আহমেদ আল শারা। একসময় যাকে জঙ্গিবাদে জড়িত বলে অভিযুক্ত করত পশ্চিমা দেশগুলো, তিনিই এখন দেশটির বৈধ শাসক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন।
শারার ওপর থেকে সব নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। গত নভেম্বরে তিনি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প জানান— শারার পদক্ষেপে তিনি “সন্তুষ্ট”।
গত শুক্রবার দক্ষিণ সিরিয়ায় এক সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে গ্রেপ্তার করতে অভিযানে যায় ইসরায়েলি সেনারা। সেখানে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে ইসরায়েলি বিমানবাহিনী পাল্টা বিমান হামলা চালায়।
হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হন।
এই ঘটনাকে কেন্দ্র করেই সিরিয়া–ইসরায়েল উত্তেজনা চরমে পৌঁছায়, আর সেই প্রেক্ষাপটেই আসে ট্রাম্পের সতর্কতা।
মার্কিন একটি সূত্র জানায়— সিরিয়ার নতুন সরকার যাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে না যায়, এমন পরিস্থিতি তৈরি না করতে ইসরায়েলকে সাবধান করা হয়েছে। আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার সামরিক অবকাঠামোতে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অক্ষম হয়ে পড়ে। পাশাপাশি গোলান মালভূমির আরও অংশ দখল করে নেয় ইসরায়েল।
সূত্র: আল আরাবিয়া















