১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
- প্রকাশিত: ১২:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৯১ বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনে নতুন করে রদবদল এনেছে সরকার। জেলা প্রশাসকদের বদলির পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে বড় পরিসরে পরিবর্তন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম ধাপে ১৬৬টি উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত ইউএনওরা তাদের নিজ নিজ উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এজন্য তাদেরকে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এর সেকশন ১৪৪ অনুযায়ী ক্ষমতা প্রদান করা হলো।
নতুন ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে একইদিন বিকেল থেকেই তাঁদের বর্তমান দায়িত্বস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বদলিকৃত কর্মকর্তাদের কর্মস্থল পূর্বেই পরিবর্তিত হয়ে থাকলে, তারা যে দপ্তরে দায়িত্ব পালন করছেন সেই কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।













