শাহজাহান চৌধুরীর বিতর্কিত মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল
- প্রকাশিত: ১০:১৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৫৯ বার পঠিত
চট্টগ্রামের জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি সম্প্রতি নির্বাচনী কর্মকাণ্ডের সময় প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য দেন।
শাহজাহান চৌধুরীর বক্তব্যের একটি অংশে তিনি বলেন, “আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমার জন্য আল্লাহ আছে, আল্লাহ মেহেরবান, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে।” তিনি আরও যোগ করেন, নির্বাচনের জন্য প্রশাসনকে আন্ডারে আনা জরুরি, যাতে তাদের কথায় ওঠা-বসা, গ্রেপ্তার ও মামলা পরিচালনা করা যায়। চট্টগ্রামের জামায়াত নেতারা নিশ্চিত করেছেন যে, এই মন্তব্য তিনি ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে করেছেন। তবে সম্প্রতি এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বক্তৃতার অন্যান্য অংশে শাহজাহান চৌধুরী বলেন, “আমি অনেক কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা বা ধনদৌলত চাইনি। আজ আমি আপনাদের দুয়ারে এসেছি। আমার চোখের পানি বৃথা যায়নি। আমি এলাকাকে সম্মান করি।” তিনি এলাকাকে রাজনৈতিক প্রতিযোগিতা থেকে দূরে রাখার আহ্বানও জানান।
এর আগে ২২ নভেম্বর জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রশাসনকে কব্জায় আনার বিষয়ে একই ধরনের বক্তব্য দিয়ে তিনি ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছিলেন। এ কারণে কেন্দ্রীয় জামায়াত তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দিয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ রয়েছে।










