কাল স্মৃতিসৌধে আসবেন তারেক রহমান, নেওয়া হয়েছে প্রস্তুতি
- প্রকাশিত: ১২:২৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / ৪৪ বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি নিয়েছে সৌধ কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তার জন্যও বাড়তি প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্মৃতিসৌধ গণপূর্ত অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সেজন্য আজ থেকেই স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স ঝাড়ু দিয়ে ও প্রয়োজনীয় কাজ করিয়ে প্রস্তুত করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে লেকের পানি। এছাড়া স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। নিয়োজিত থাকবে এক হাজারের বেশি পুলিশ সদস্য।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে স্মৃতিসৌধের প্রস্তুতির কাজ চলমান দেখা যায়। এছাড়া সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় পুলিশ সদস্যদের।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৗশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন পর দেশে ফিরেছেন, আমরা জানতে পেরেছি তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এজন্য আমরা পূর্বপ্রস্তুতি গ্রহণ করেছি। এমনিতে স্বাভাবিক দিনে যেভাবে স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখা হয়, ফুল দেওয়ার জন্য পরিচ্ছন্ন রাখা হয় সেটি করা হয়েছে। এছাড়াও যেহেতু তিনি আসবেন, সম্ভব্য যেসব এলাকা অতিথিরা ব্যবহার করবেন, সেই জায়গাগুলো পরিচ্ছন্ন রাখা হবে। আমরা পুরো কমপ্লেক্স ঝাড়ু দেবো, লেকগুলো পরিষ্কার করা হবে। এছাড়া নির্দেশনা পেলে পুরো কমপ্লেক্সে সাধারণ মানুষের যাতায়াতও বন্ধ রাখা হবে। স্মৃতিসৌধের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরাও থাকবেন।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন পর দেশে এসেছেন। তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সেখানে নিয়মিত পোশাকের পাশাপাশি ট্রাফিক পুলিশ, ডিবি, সাদা পোশাকের পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবেন।















