সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- প্রকাশিত: ০৯:১৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৬৬ বার পঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে “ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ইন টেক্সটাইল সেক্টর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়াহ। অনুষ্ঠানে বক্তৃতা করেন আমানত শাহ গ্রুপের চিফ অ্যাডভাইজার মো. নুরুল ইসলাম, পরিচালক মো. রেজাউল করিম এবং সাউথইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জি. মাশুদ আহমেদসহ আরও অনেকে।
আলোচনা সভার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ এবং আমানত শাহ গ্রুপের পক্ষে ওভেন ফেব্রিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম। চুক্তির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ তৈরির লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে জানানো হয়।
স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ হেলাল মিয়া; পরিচালক রেজাউল করিম; পরিচালক মিয়াহ মো. জুবায়ের আমিন; চিফ অ্যাডভাইজর মো. নূরুল ইসলাম। এ ছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. আনম আহমাদুল্লাহসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
















