‘আমরা অন্তত ৫০ রান কম করেছি’ — ম্যাচ হারের পর তাওহিদ হৃদয়ের আক্ষেপ
- প্রকাশিত: ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ৬৫ বার পঠিত
বাংলাদেশ ক্রিকেটে পরাজয়ের পর রান কম হওয়ার আফসোস যেন নিয়মিত চিত্র। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের হারের পর সেই পুরোনো সুরই শোনা গেল তাওহিদ হৃদয়ের কণ্ঠে। যথেষ্ট রান করতে না পারার আক্ষেপ প্রকাশ করে হৃদয় বলেন:”আমাদের স্কোর ৪০-৫০ রান কম হয়েছে। যদি আমরা ওই অতিরিক্ত রান করতে পারতাম, তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতো। উইকেটটা খুব সহজ ছিল না, বোলারদের জন্য কিছুটা সহায়তা ছিল। আমাদের বোলাররাও ভালো বল করেছে। আমার মনে হয়, ব্যাটিংয়েই আমরা পিছিয়ে গেছি।”
ওয়ানডে ফরম্যাটে দীর্ঘ বিরতির কারণে মানিয়ে নিতে কোনো সমস্যা হয়েছে কি না—এমন প্রশ্নে হৃদয়ের জবাব ছিল স্পষ্ট:”আমি এটাকে বিরতি বলব না। আমরা পেশাদার ক্রিকেটার, দ্রুত মানিয়ে নেওয়ার সামর্থ্য থাকতে হবে। তবে ব্যাটিংয়ে আমাদের ব্যর্থতা ছিল। আমরা ৫০ ওভারের ম্যাচে পুরো ইনিংস খেলতে পারিনি, সেটাই সমস্যা।”
পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে হৃদয় বলেন: “এটা কোনো দলের জন্যই ভালো লক্ষণ না। যারা ব্যাটসম্যান, তাদের মধ্যে একজন-দুজন যদি ইনিংস ফিনিশ করতে পারত, তাহলে ফল অন্যরকম হতো। তবে আশা করছি, পরের ম্যাচ থেকে আমরা ঘুরে দাঁড়াব।” সিরিজে টিকে থাকতে হলে পরের দুই ম্যাচই জিততে হবে বাংলাদেশকে। ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে হৃদয়ের জবাব ছিল বাস্তববাদী: “ভবিষ্যতের কথা ভবিষ্যতের জন্যই থাক। আমরা শুধু সামনের ম্যাচটা নিয়েই ভাবছি। ওই ম্যাচে ভালো কিছু করতে পারলে, আশা করি বাকি দুটি ম্যাচও জিততে পারব।”
















