ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসু জিএস পদ বাতিল
- প্রকাশিত: ১২:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৮৮ বার পঠিত
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস নির্বাচিত গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, রাব্বানীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বেশ কিছু অভিযোগ ওঠে। অভিযোগগুলো সিন্ডিকেটে উপস্থাপন করা হলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায়, সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়। এর আগে ৪ সেপ্টেম্বর জালিয়াতির মাধ্যমে এমফিল ভর্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করে সিন্ডিকেট। একই সিদ্ধান্ত ৯ এপ্রিলও পুনর্ব্যক্ত করা হয় এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়।
এ ছাড়া গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় দায়ীদের বিচার চেয়ে ভুক্তভোগী জিএস প্রার্থী মো. রাশেদ খান ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. সানাউল্লাহ হকের আবেদনের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত হয়। এ তদন্ত কমিটির প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।
















