হাঁটুর বয়সী রহস্যময় সঙ্গীর হাত ধরে আবারও আলোচনায় মালাইকা
- প্রকাশিত: ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৪৭ বার পঠিত
অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন বলিউডের ফিটনেস আইকন মালাইকা অরোরা। কিন্তু নেটিজেনদের কৌতূহলের শেষ নেই—তার জীবনে নতুন কেউ এসেছে কি না, তা নিয়ে জল্পনা ছিলই। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো এক তরুণ সঙ্গীর হাত ধরে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, এনরিক ইগলেসিয়াসের সাম্প্রতিক মুম্বাই কনসার্টে মালাইকাকে দেখা যায় এক তরুণের সঙ্গে। এরপর থেকেই শুরু হয় ফিসফাস। জানা যায়, ওই ব্যক্তি হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা, যিনি মালাইকার চেয়ে বয়সে অনেকটাই ছোট। কনসার্টের পর তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনার ঝড় যখন থামেনি, তখনই নতুন দৃশ্য সামনে আসে মুম্বাই বিমানবন্দরে। যদিও দু’জনই ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করেন, শেষ পর্যন্ত একসঙ্গে উপস্থিতি লুকানো যায়নি। বুধবার বিকেলে একই টার্মিনালে কাছাকাছি সময়ে দেখা যায় তাদের। মালাইকা সামান্য এগিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর হর্ষকে দেখা যায় মাস্ক পরে তার পিছু নিতে।
পার্কিং এলাকায় পৌঁছে সন্দেহ আরও ঘনীভূত হয়—দু’জনকে একই গাড়িতে ওঠার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। মালাইকা আগে গাড়িতে ওঠেন, কয়েক সেকেন্ড পর হর্ষও একই গাড়িতে প্রবেশ করেন। এ দৃশ্য আবারও আলোচনায় এনে দিয়েছে মালাইকার প্রেমের গল্প—অফিশিয়ালি কিছু না বললেও, বলিউডে তাদের নতুন সম্পর্ক নিয়েই এখন সরব নেটদুনিয়া।
















