ন্যায্য মূল্যে দোকান দিতে গিয়ে আ.লীগ সন্ত্রাসী বিএনপি নেতার উপর হামলা।
- প্রকাশিত: ১১:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৪৯ বার পঠিত
চাঁদার টাকা না দেওয়ায় চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন মো. ওমর ফারুক জয়, ১নং ওয়ার্ড সভাপতি, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, সিদ্ধিরগঞ্জ থানা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইমরান হোসেন ও শহিদসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতেনপাড়া ক্যানেলপাড় এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্যের একটি দোকান দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে ইমরান হোসেন ও শহিদ তার কাছে এসে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে।
চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ওই স্থানে দোকান করতে দেবে না বলে হুমকি দেয়। গত ০৪/০৩/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে দোকান স্থাপনের জন্য তিনি ঘটনাস্থলে গেলে দেখতে পান, উক্ত দুই ব্যক্তি অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে কিছু ইট এনে ফেলে রেখেছে।
ইটগুলো কে ফেলেছে জানতে চাইলে ইমরান হোসেন ও শহিদসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে তারা তাকে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।
তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে বলে, দাবি করা চাঁদার টাকা না দিলে তাকে ওই স্থানে কোনো ধরনের দোকান করতে দেওয়া হবে না। এমনকি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিলে সুযোগ বুঝে তাকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে বলেও হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করায়। পরিবারের সঙ্গে আলোচনা ও স্থানীয় লোকজনকে বিষয়টি জানিয়ে পরবর্তীতে থানায় অভিযোগ দাখিল করা হয়।










