মানিকগঞ্জে জব ফেয়ার-২০২৬: দক্ষ জনশক্তি তৈরিতে শিল্পপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সেমিনার
- প্রকাশিত: ০১:২৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৭২ বার পঠিত
মানিকগঞ্জে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার-২০২৬। এ উপলক্ষে “কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জাহিদুল হক।
জব ফেয়ারে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান, “এই জব ফেয়ার আমাদের জন্য অনেক উপকারি হয়েছে। এখানে একসাথে ২১টি কোম্পানি এসেছে। আলাদা আলাদা করে গেলে অনেক ভোগান্তি হতো। এখানে এক জায়গায় থেকেই আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী একাধিক কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছি। আমি আমার যোগ্যতা অনুযায়ী চারটি কোম্পানিতে সিভি জমা দিয়েছি।”
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের গণিত ইন্সট্রাক্টর আবির হাসান মুকুল, ইংরেজি ইন্সট্রাক্টর রিমা আক্তার এবং বিভাগীয় প্রধান মো. জাকির হোসাইন খান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “জব ফেয়ার মানেই এমন নয় যে কেউ এখানে এসে সরাসরি চাকরি নিয়ে বাড়ি চলে যাবে। আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে চাকরির সন্ধান করে, আবার শিল্পপ্রতিষ্ঠানগুলো দক্ষ জনশক্তির খোঁজে থাকে। এই জব ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ খুঁজে নিতে পারছে এবং প্রতিষ্ঠানগুলো একসাথে দক্ষ জনবল পাচ্ছে।”
জব ফেয়ার-২০২৬ এর মাধ্যমে শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে ভবিষ্যতে দক্ষ ও কর্মসংস্থানমুখী মানবসম্পদ গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।










