মানিকগঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- প্রকাশিত: ১১:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১০৫ বার পঠিত
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান করা হয়।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তবায়নে ক্যাম্পের উদ্বোধন করেন মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। তিনি বলেন, “মানিকগঞ্জের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতেই আমাদের এই প্রচেষ্টা। সারাবছরই এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, নাসির উদ্দিন আহমেদ যাদু, গোলাম কিবরিয়া সাঈদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন জানান, মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল, চর্ম ও যৌন রোগ, চক্ষু এবং শিশু ও নবজাতক—মোট ১০টি বিভাগ থেকে প্রায় ৩০ জন চিকিৎসক এবং শতাধিক সেবাকর্মী এ কার্যক্রমে অংশ নেন। রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি ইসিজি ও ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষারও ব্যবস্থা করা হয়।
মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম জানান, “চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশনায় মানবিক এ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে আরও ক্যাম্প আয়োজন করা হবে।”
ক্যাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব রোগীর অপারেশন প্রয়োজন হবে তাদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০%, প্যাথলজি টেস্টে ৩৫% এবং বেড চার্জে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করা হবে।
দিনব্যাপী এই ক্যাম্পে আশপাশের এলাকার নারী-পুরুষ ও শিশুরা স্বল্প সময়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।










