তাহাজ্জুদের নামাজে থাকা অবস্থায় মাদরাসাছাত্রের মৃত্যু
- প্রকাশিত: ০৯:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৭০ বার পঠিত
নোয়াখালীর চাটখিল উপজেলার বিষ্ণুরামপুর নুরানী হাফেজিয়া মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে এ ঘটনা। মাদরাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, নামাজ শেষ করে সালাম ফিরিয়েই ছাত্রটি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা সহপাঠীরা তাকে ধরার চেষ্টা করে এবং দ্রুত কক্ষে নিয়ে যায়, তবে কিছু মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, নিহত ছাত্রের নাম আকরাম হোসেন (১২)। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং মাদরাসার হেফজ বিভাগের ১৬ পারা হাফেজ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে মাদরাসা ও স্থানীয় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
শনিবার সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে আকরামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি তারা দেখেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।










