ক্লাসে ঢুকেই ডাস্টার দিয়ে ছাত্রীর মাথা ফাটালেন প্রধান শিক্ষক, ভিডিও ভাইরাল
- প্রকাশিত: ১২:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১০৭ বার পঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরুক আহমেদের বিরুদ্ধে এক ছাত্রীকে ডাস্টার দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগম (১৪) ক্লাসে পড়ার সময় কোনো এক বিষয়ে শিক্ষক ফরুক আহমেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষক হাতে থাকা ডাস্টার ছুড়ে মারলে তা ছাত্রীটির মাথায় লাগে। এতে মাথা ফেটে রক্তপাত হয়। পরে সহপাঠীরা আহত সাইদাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া হয়।
আহত ছাত্রী সাইদা বেগম পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের অটোচালক মুজিবুর রহমানের মেয়ে।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ভবিষ্যতে যেন এমন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকব।
জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এমন শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।










