বোরো মৌসুমে ডিলার নিয়োগ নীতিমালা বাস্তবায়নে সারের সংকটের আশঙ্কা: বিএফএ
- প্রকাশিত: ১২:৩৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ৪৪ বার পঠিত
আসন্ন বোরো মৌসুমে সারা দেশে নতুন সার ডিলার নিয়োগ নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ সার বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির সীমা ব্লোসম টাওয়ারের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান সংগঠনের নেতারা।
“নীতিমালার কারণে ব্যয় বাড়বে, কিন্তু কমিশন বাড়বে না”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে জানান: “সরকার যে সমন্বিত নীতিমালা করতে যাচ্ছে, তাতে ইউনিয়নভিত্তিকভাবে নতুন ডিলার নিয়োগের প্রস্তাব রয়েছে। নতুন নিয়মে একজন ডিলারকে ৩টি বিক্রয়কেন্দ্র ও ১টি গুদাম পরিচালনা করতে হবে— যা বর্তমান কাঠামোর তুলনায় ব্যয় তিনগুণ বাড়িয়ে দেবে। অথচ কমিশন থাকবে আগের মতোই— প্রতি কেজিতে মাত্র ২ টাকা।”
তিনি বলেন, এই পরিস্থিতিতে অনেক ডিলার বিতরণ কার্যক্রমে আগ্রহ হারাতে পারেন, ফলে সার সরবরাহে ঘাটতি ও বাজারে সংকট দেখা দিতে পারে।
মাঠপর্যায়ে আলোচনা ছাড়া নীতিমালা নয়
কফিল উদ্দিন আহমেদ আরও বলেন,“নীতিমালায় পরিবর্তনের আগে মাঠপর্যায়ে কার্যকর আলোচনা ও অংশীজনদের মতামত নেওয়া প্রয়োজন ছিল। তাড়াহুড়ো করে এমন গুরুত্বপূর্ণ নীতিমালা কার্যকরের চেষ্টা হলে মাঠে সংকট তৈরি হবে, যার দায় শেষ পর্যন্ত সরকারের ওপরই বর্তাবে।”
বাস্তবায়ন পেছানোর দাবি
সভায় বক্তারা বলেন, বোরো মৌসুমে সারের চাহিদা সবচেয়ে বেশি। এ সময় এমন পরিবর্তন চাষিদের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সরকারকে এ নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বাস্তবায়ন পেছানোর দাবি করেন তারা। সভায় সারাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ডিলাররাও একই দাবি তুলে ধরেন।













