স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই
- প্রকাশিত: ১২:২৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ৪০ বার পঠিত
প্রখ্যাত স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই।
তিনি বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা লে. কর্নেল সারোয়ার জাহান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ রাতেই চট্টগ্রামে নেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন একজন বিশিষ্ট প্রশাসনবিদ ও সংস্কার বিশেষজ্ঞ।
তিনি অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, ২০০৬-২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের গঠিত স্থানীয় সরকার কমিশনেও তিনি সদস্য ছিলেন।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে
২০২৪ সালের ১৮ নভেম্বর গঠিত হয় স্থানীয় সরকার সংস্কার কমিশন।
তার নেতৃত্বে সাত সদস্যের ওই কমিশন কাজ করে এবং ২০২৫ সালের ২০ এপ্রিল
দুই খণ্ডে প্রস্তুতকৃত চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে।
অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে স্থানীয় সরকার ও প্রশাসন সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।













