মানিকগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা তাপস সাহা
- প্রকাশিত: ০৯:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৭২ বার পঠিত
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী একটি মামলায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) রাতে মানিকগঞ্জ জেলা শহরের সান্ত্বনু রায় স্মরণী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তাপস সাহা মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সান্ত্বনু রায় স্মরণী এলাকার বাসিন্দা। তিনি স্বপন সাহা ও সত্য রানী সাহার পুত্র।
সূত্র জানায়, সম্প্রতি সামাজিক বৈষম্য এবং সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলাটি স্থানীয়ভাবে আলোচিত ও সংবেদনশীল হিসেবে বিবেচিত।
তাপস সাহা ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং এক সময় পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় তাপস সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি কে আদালতে প্রেরণ করা হয়েছে।










