মানিকগঞ্জে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ: কৃষকদের মাঝে স্যালাইন পানি বিতরণ কর্মসূচি চলছে
- প্রকাশিত: ০৭:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ৩১৯ বার পঠিত
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা’র দিকনির্দেশনায় এবং জেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় শুরু হয়েছে সাধারণ কৃষকদের মাঝে স্যালাইন পানি বিতরণের ব্যতিক্রমী মানবিক কর্মসূচি। এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে সদর থানা ছাত্রদল।
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে টানা দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পরিচালিত হয়। সদর থানা ছাত্রদল নেতৃবৃন্দ জানান, ১৫ দিনব্যাপী চলমান এ উদ্যোগে মোট ৫০০ জন কৃষকের মাঝে স্যালাইন পানি বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির সময় উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের সৈয়দ হাসিবুল আলম আকাশ, লাভলু মিয়া, নাহিদ, আবু তাহের, আকাশ ও রিয়াজুল। এছাড়াও উপস্থিত ছিলেন বেতিলা মিতরা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, কৃষকরা ধান কাটা ও মাঠের কাজ করতে গিয়ে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়ছেন। তাই তাঁদের শরীরে পানিশূন্যতা দূর করতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় কৃষকরা ছাত্রদলের এ মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং তাঁদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।










