‘ক্রিকেট থেকে অবসরে চুপচাপ সরে যাবে কোহলি’
- প্রকাশিত: ১০:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৭২ বার পঠিত
টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিলেন বিরাট কোহলি। এখন থেকে শুধু মাত্র ওয়ানডে ফরম্যাটে খেলে যাবেন বিরাট। কিন্তু ক্রিকেট থেকে অবসরে তিনি কি করবেন তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও ভারতীয় দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রী বলেছেন, এখনও ভারতের হয়ে ও এক দিনের ক্রিকেট খেলবে। কিন্তু আমি জানি, ক্রিকেট থেকে অবসরের পর বিরাট চুপচাপ সরে যাবে। ও এমন নয় যে কোচ হতে চাইবে বা ধারাভাষ্যকার হতে চাইবে। ক্রিকেট থেকেই সরে যাবে বিরাট।
ভারতের সাবেক কোচ বলেন, ভারত যখন ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলতে নামবে তখন আমি বিরাটকে মিস্ করব। ও এক জন চ্যাম্পিয়ন। আমি সেটাই সব সময় মনে রাখতে চাই। কোনও দিন কাউকে এক ইঞ্চি জমিও ছাড়েনি বিরাট।
শাস্ত্রী বলেছেন, আমি নিশ্চিত কোহলি আরও অন্তত দু’বছর টেস্ট খেলতে পারত। এ বার ইংল্যান্ডে ওকে দেখার জন্য মুখিয়ে ছিলাম। ওকেই অধিনায়ক নির্বাচন করা হলে ভাল হত। তবে কখন ছাড়তে হবে সেটা ঠিক করার জন্য কোহলিই আদর্শ।
তিনি আরও করেছেন, হয়তো মানসিক ক্লান্তির কারণেই কোহলি এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ দলের বাকি যে কোনও ক্রিকেটারের থেকে ও বেশি ফিট। নিজের শরীর নিজে ভাল চেনে। মনের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। না হলে এই সঙ্কটজনক সময়ে ও টেস্ট খেলা ছাড়ত না।
















