মানিকগঞ্জে ধর্ষণ চেষ্টার ঘটনা লাখ টাকায় ধামাচাপা দিলো ইউপি চেয়ারম্যান
- প্রকাশিত: ০৬:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৭৩ বার পঠিত
মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ১ লাখ টাকায় রফাদফা করেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের শিমুলতলি সাইপাড়া গ্ৰামে এই ঘটনা ঘটে।
জানা যায়, সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের শিমুলতলি সাইপাড়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় উজির নামের ৬০ বছর বয়সী এক ব্যাক্তিকে আটক করে এলাকাবাসী। এতে একপ্রকার চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করে এলাকায় ।পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান গ্রাম্য সালিশে ১ লাখ টাকা জরিমানা ও ধর্ষণের চেষ্টাকারীকে মারধরসহ কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ছবি তোলা, তথ্য সংগ্রহে বাধা দেন এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে চেয়ারম্যান।সাংবাদিক দের উদ্দেশ্যে বলেন বিষয়টি মান ইজ্জতের আপনারা বসেন।
চেয়ারম্যান এলাকাবাসীকে গ্রাম্য সালিশে বলেন, আমার ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। এরপর ধর্ষণের চেষ্টাকারী উজিরের পরিবারকে জিজ্ঞেস করেন কত টাকা আপনারা দিতে পারবেন? অবশেষে উজিরের পরিবার ১ লাখ টাকা দিতে সম্মতি দেয়।পরবর্তীতে ৩০ মিনিটের ভেতর টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন স্থানীয় চেয়ারম্যান জিয়াউর। উজিরের পরিবার নগদ ৬৯ হাজার টাকা চেয়ারম্যানের হাতে দিলে তা গৃহবধূর পরিবারের হাতে তুলে দিয়ে বিষয়টি রফাদফা করে।এবং বাকি ৩১ হাজার টাকা দ্রুততম সময়ে নিয়ে আসতে বলেন তিনি।
উক্ত বিষয়ে ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ জিয়াউর রহমান কোনো বক্তব্য দিতে রাজি হননি ।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইকবাল হোসেন বলেন,বিষয়টি আপনার কাছে জানতে পারলাম।যদি বিধির বাহিরে কোন কিছু করে থাকে,তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউপি চেয়ারম্যানের সম্পৃক্ততার বিষয়ে জানতে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) সানজিদা জেসমিন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি ।










