মানিকগঞ্জ জেলা জুড়ে চলছে মাটি খেকোদের তান্ডব : প্রশাসনের ভূমিকা নীরব
- প্রকাশিত: ০৫:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ১২৭ বার পঠিত
মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলাতেই রাতের আঁধারে চলছে অবৈধ ভাবে মাটির ব্যবসা। দুই ফসলি কিংবা তিন ফসলি কোনো শ্রেনীর মাটিই বাদ যাচ্ছে না উত্তোলন ও বিক্রিতে ।এতে আশেপাশের ফসলি জমি , রাস্তা ঘাট ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা- মিতরা ,পুটাইল,ভাড়ারিয়া,হাটিপাড়া, কৃষ্ণপুর ,আটিগ্ৰাম ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির নাম ভাঙিয়ে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি কেটে তা বিক্রি করে চলছে রাম রাজত্ব।
ঘিওর উপজেলার বানিয়াজুরী,সিংজুরী,বালিয়াখোড়া ইউনিয়ন, ঘিওর সদরদৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন ও শিবালয় উপজেলার মহাদেবপুর,শিমুলিয়া ও শিবালয় মডেল ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে তা রাতের আঁধারেই বিক্রি করছে একটি প্রভাবশালী মহল।
সাটুরিয়া উপজেলার বরাইদ,হরগজ, সাটুরিয়া, বালিয়াটি ও ধানকোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাতের আঁধারে ফসলি জমি অবৈধ কেটে হরিলুট করছে।
হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের অ্যামাজন বনে বেশ কিছুদিন চলে অবৈধ মাটির ব্যবসা । এ ব্যবসার সাথে জড়িত ছিলেন সরকারি স্কুলের শিক্ষকরাও পরবর্তীতে গত, ১৬ ই ফেব্রুয়ারি স্থানীয় তরুণদের বাধায় এই ব্যবসা বন্ধ হয়ে যায় ।
সিংগাইর উপজেলার চান্দহর,শায়েস্তা,চারিগ্ৰাম,বলধারা,বায়রা ও তালেবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপি নেতা ও প্রভাবশালী মহলের ছত্রছায়া চলছে অবৈধ ভাবে মাটি লুট।
শাকিল নামের এক পথচারী বলেন, এসব মাটি পরিবহনের কারণে রাস্তাঘাটে অসংখ্য মাটি পড়ে থাকে । তারজন্য দেখা যায় একটু বৃষ্টি হলেই দুর্ঘটনা ঘটে । আবার ধুলাবালির তো বিষয় আছেই ।
সচেতন মহল বলছেন, জেলার প্রায় সব জায়গাতেই এমন মাটি কাটার নজির দেখা মিলছে যা রাতের আঁধারেই হরিলুট করা হয় ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ভগবানপুর,মালুটিয়া এলাকায় তিন ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে কেটিসি এবং হাজী বিকসে মাটি বিক্রি সরবরাহ করছে স্থানীয় বিএনপি নেতারা। এই মাটি ব্যবসা কেন্দ্র করে এলাকায় মারামারির ঘটনাও ঘটছে। অপরদিকে ঘিওর উপজেলার বিভিন্ন ভাটায় চলছে পুরোদমে মাটি সরবরাহ। উপজেলার বালিয়াখোড়া, জোকা, মহাদেবপুর এলাকায় রাতের আধারে তিন ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিক্রি করছে স্থানীয় বিএনপি নেতা ও প্রভাবশালী মহল । এতে বিপর্যস্ত হচ্ছে জন-জীবন ও আশেপাশের কৃষি জমি ।
শিবালয় উপজেলার বৈলতা চকে রিপন নামের মাটি ব্যবসায়ী বলেন , আমরা নিজেদের জমিতে মাটি কাটি ,কারো কোনো ক্ষয় ক্ষতি হচ্ছে না। মাটি কাটার অনুমতির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনাকে একটু পর একজন সাংবাদিক ফোন দিবে বলে ফোন কেটে দেন।
বেতিলা-মিতরা গ্রামের মনির নামে এক মাটি ব্যবসায়ী বলেন, আমরা সম্পূর্ণ অবৈধভাবে মাটি কাটছি, কারো কোনো অনুমতি প্রয়োজন হয় নাই ।
মাটিকাটার বিষয়ে বিএনপি নেতা জালাল বলেন, আমি কোন মাটি কাটছি না ! কেউ আমার নাম ভাঙ্গিয়ে এসব করছে ।
এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আলী বলেন, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট সহ আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হয় । রাতেও আমরা অভিযান পরিচালনা করে থাকি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










