সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ
সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- প্রকাশিত: ০৭:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৫৪ বার পঠিত
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
শনিবার সচিবালয়ের বাদামতলা চত্বরে সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীরের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি করছেন কর্মচারীরা।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ শনিবার সচিবালয়ের ভেতরে প্রতিবাদ কর্মসূচি পালন করে। এতে অনেক কর্মচারী অংশ নেন।
মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য দেন, সংযুক্ত পরিষদের অপর অংশের সভাপতি জনাব মো. নুরুল ইসলাম, বিপুল, মানজার হোসেন, মুজাহিদুল ইসলাম সেলিম, মো. রুহুল আমিন, ২০ গ্রেডের সভাপতি নজরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মিজ মাকসুদা আক্তার বেলী, আবুল হাসনাত, নুরুজ্জামান, তৌহিদুর রহমান প্রমুখ














