নতুন ছাত্র সংগঠন ‘বিপ্লবী ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ
- প্রকাশিত: ০২:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৭৩ বার পঠিত
মানিকগঞ্জ থেকে যাত্রা শুরু করল নতুন এক সামাজিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠন ‘বিপ্লবী ছাত্রশক্তি (RSP)’। নিজেদেরকে জনগণের পক্ষের শক্তি হিসেবে পরিচয় দিয়ে সংগঠনটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার ঘোষণা দিয়েছে।
‘শিক্ষা, শক্তি, প্রগতি’—এই তিনটি স্তম্ভকে ধারণ করে বিপ্লবী ছাত্রশক্তি গড়ে তুলতে চায় একটি দুর্নীতিমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতির ও ধর্মীয় বিশ্বাস-সম্মাননির্ভর সমাজ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ সংগঠনে কোনো দলীয় লেজুড়বৃত্তির জায়গা থাকবে না।
প্রধান সংগঠক আশরাফুল ইসলাম রাজু বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছিল। কিন্তু সেই অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেক শহীদ ও আহত যোদ্ধার স্বীকৃতি আজও অধরা। রাজনৈতিক দলগুলো যেখানে জনগণের মৌলিক দাবিকে উপেক্ষা করছে, আমরা চাই একটি বাস্তবমুখী ছাত্রভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে।”
সংগঠনটি দাবি করছে, তারা এমন একটি কাঠামো গড়ে তুলবে যা সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে। ফ্যাসিবাদ, ধর্মবিদ্বেষ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকারও প্রত্যয় ব্যক্ত করেছে তারা।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আমরা বিশ্বাস করি, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে নতুন সামাজিক চুক্তির প্রয়োজন—যেখানে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থাকবে, এবং সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার সুরক্ষিত হবে।”
সংগঠনের উদ্যোগে সবাইকে আহ্বান জানানো হয়েছে এই সামাজিক পরিবর্তনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য।










